শ্রীপুর, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ২নং সিএনবি বাজার থেকে আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়মুখী ১৩ ফুট প্রস্থ ও ৪০০ মিটার দৈর্ঘ্যের ইউনি ব্লক রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। ইউনি ব্লক রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন বেপারী বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এ সড়ক নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।