গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তায় অবস্থিত খাবার হোটেল ‘ক্যাফে আফছার রেস্টুরেন্ট’কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।
অভিযান সূত্রে জানা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অবস্থিত "ক্যাফে আফছার রেস্টুরেন্ট"র বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগটি ছিল দীর্ঘদিনের। ভ্রাম্যমান আদালত চলা অবস্থায় একজন ভোক্তা অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণ সহ তুলে ধরেন।
অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে মাওনা চৌরাস্তাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।