শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরাতন বাজার এলাকায় এক অটোচালক আহতের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে আড়াই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ হাজারো যাত্রী।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি পুরাতন বাজার ও তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় দুই শতাধিক অটোরিকশা চালক মহাসড়কে অবস্থান নেন। তাদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।
অটোরিকশা চালকদের অভিযোগ, সকালে তাদের এক সহকর্মী মহাসড়ক পার হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করার জন্য পিছন দিক থেকে ধাওয়া করে। পরে অটোরিক্সাটি ট্রানিং নিতে গিয়ে মহাসড়কে উল্টে যায়। এ ঘটনায় অটোচালক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চালকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আজ সকালে মহাসড়কে একটি অটোরিকশা চাল পুলিশের গাড়ি দেখে পালানোর সময় রানিং নিতে গিয়ে উল্টে যায়।এ ঘটনায় অটোচালক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চলাচলের দাবিতে চালকরা সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সাড়ে দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।