গাজীপুরের শ্রীপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করছেন পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে তার এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি অংশে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবীভাবে মাঠে নেমেছেন আবু তাহের প্রধানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা।
সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তারা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। পাশাপাশি পথচারী ও যাত্রীদের নিরাপদে চলাচলে সহায়তা করছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক দৃষ্টি রাখছেন।
এ বিষয়ে আবু তাহের প্রধান বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমরা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। জনদুর্ভোগ কমানোই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়রা জানান, পুলিশের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের এমন মানবিক উদ্যোগ ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করে তুলবে। তারা আশা করছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মহাসড়কের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
শ্রীপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারাও জানান, যানজট নিরসনে সব ধরনের সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখছে। প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে।
ঈদ সামনে রেখে শ্রীপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে।
#####