স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনভোগান্তি কমার আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আনোয়ার বেপারীর বাড়ি থেকে লিচুবাগান অভিমুখী ১২ ফুট প্রশস্ত ও ৪০০ মিটার দৈর্ঘ্যের ইউনিক ব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। একইসঙ্গে লিচুবাগান থেকে দোখলা বাজারমুখী আরও ৪০০ মিটার দৈর্ঘ্যের এসবিবি সড়ক নির্মাণ কাজেরও সূচনা করা হয়।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুন অর-রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কদুটি সংস্কার না থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটির কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ত।
সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কগুলো নির্মাণ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।