শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেনের চাকার সঙ্গে লাগানো একটি স্প্রিং খুলে যাওয়ায় শ্রীপুর রেলওয়ে স্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে থেমে যায় মহুয়া এক্সপ্রেস। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও একাধিক ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মাঝামাঝি বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল ১০টা ১৭ মিনিটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই থেমে গেলে কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা খুলে যাওয়া স্প্রিংটি কুড়িয়ে আনেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে সংগ্রহ করে জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। পরে প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অত্যন্ত ধীর গতিতে ট্রেনটি শ্রীপুর রেলওয়েস্টেশনে নেওয়া হয়।
এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। পাশাপাশি এই ট্রেনটির কারণে ঢাকাগামী ভ্রম্যপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সব মিলিয়ে অন্তত তিনটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম রহমান জানান, চাকার স্প্রিং খুলে যাওয়ার কারণে তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। মহুয়া এক্সপ্রেস বর্তমানে শ্রীপুর স্টেশনে অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
####