শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার সরকার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী। তাঁর কর্মময় জীবন স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক উজ্জ্বল ইতিহাস।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে খালেদা জিয়া জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকার। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কফিল উদ্দিন। মোনাজাত শেষে কয়েক শতাধিক অতিথির মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।